আগামী ১৫ দিনের মধ্যে কমিশনে দাখিল করা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি হলমার্ক জালিয়াতির চার্জশিট। হলমার্ক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় যারা আসামি রয়েছেন তাদের প্রত্যেকেরই নাম চার্জশীটে থাকছে বলে দুদকসূত্র জানিয়েছে। এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান গতকাল বুধবার দুদক চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন, ১৫ দিনের মধ্যেই এ মামলার চার্জশীট দেয়া হবে।
এ সময় দুদক চেয়ারম্যান বলেন, গত কয়েকদিন ধরে হলমার্ক ও ডেসটিনির তদন্ত দল তাদের তদন্তের অগ্রগতি ‘পাওয়ার পয়েন্টের’ মাধ্যমে কমিশনে উপস্থাপন করেন। কমিশন তাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট। আশা করি, হলমার্ক তদন্ত দল খুব শীঘ্রই চার্জশিট জমা দিবে। আমি তাদের আগামী ১৫ দিনের মধ্যে তা জমা দিতে বলেছি। তবে ডেসটিনি মামলার চার্জশিট দায়ের করতে দেরি হতে পারে বলে তিনি জানান।
প্রসঙ্গত, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ফান্ডেড মোট ১৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা অবৈধ অর্থ স্থানান্তরের অভিযোগে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় ২৭ জনকে আসামি করে ১১টি মামলা দায়ের করা হয়। যার চার্জশিট ১৫ দিনের মধ্যে দাখিল করার কথা বলা হয়েছে।
