ক্লাউডে যাচ্ছে সুইফটকি

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৫৪
অ্যান্ড্রয়েড কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে সুইফটকি অন্যতম। এটি ব্যবহারকারীর টাইপিংয়ের ধরণটি রপ্ত করতে পারে এবং এর ফলে এটি ব্যবহার করে লেখার সময় প্রায় নির্ভুলভাবেই প্রয়োজনীয় শব্দগুলো অনুমান করে দিতে পারে। অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশনটি এবার যাত্রা শুরু করছে ক্লাউডে। সম্প্রতি সুইফটকি’র ক্লাউড সেবার বেটা সংস্করণ উন্মুক্ত হয়েছে। ফলে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীর টাইপিংয়ের ধরণের সকল তথ্য সংরক্ষিত থাকবে ক্লাউডে। সাধারণত কোনো ডিভাইসে সুইফটকি ব্যবহার করা হলে সেই ডিভাইসের জন্যই ব্যবহারকারীর পার্সোনালাইজড কিবোর্ড সংরক্ষিত হয়ে থাকে। তবে ক্লাউড সার্ভিস চালু হওয়ার ফলে এখন ব্যবহারকারীর সব ধরনের কাস্টমাইজেশন এবং ব্যক্তিগত টাইপিংয়ের তথ্য সংরক্ষিত থাকবে ক্লাউডে। ফলে বিভিন্ন ডিভাইসেই এই তথ্যগুলো সিনক্রোনাইজেশনের সুবিধা থাকবে। এ ছাড়াও সুইফটকি চালু করেছে টুইটার থেকে ট্রেন্ডিং টপিক সিনক্রোনাইজের সুবিধা। শীঘ্রই ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্টের তথ্যও এতে যুক্ত করার সুবিধা চালু হবে বলে জানিয়েছে সুইফটকি। http://beta.swiftkey.net লিংক থেকে ডাউনলোড করা যাবে সুইফটকি।