একযোগে কাজ করবে সিটিও ফোরাম ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৫৫
সম্প্রতি সিটিও ফোরাম বাংলাদেশ ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটিও ফোরামের ঢাকাস্থ নিজস্ব অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম ওমর ইজাজ রহমান নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিটিও ফোরামের সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, কোষাধ্যক্ষ ড. ইজাজুল হক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও দোহাটেকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ড. আলী সিহাব সাব্বির, ড. মাহাদী হাসানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, তথ্যপ্রযুক্তির উন্নয়নে এবং নিরাপত্তা বিধানে বিভিন্ন পরিকল্পনা, সফলতা ও অভিজ্ঞতা আন্তঃবিনিময়ের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার, গোল টেবিল বৈঠক, তথ্যপ্রযুক্তি কর্মশালা যৌথভাবে আয়োজন করবে সিটিও ফোরাম এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। ফলে পেশাভিত্তিক কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি কতটুকু কার্যকর ভূমিকা রাখছে তা স্পষ্ট হবে।