উপজেলা পরিষদ নির্বাচন

গাজীপুর সদরে সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা

আপডেট : ১৪ মে ২০১৯, ০০:৩৫

আগামী ১৮ জুন অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন। গত ৯ মে ৫ম ধাপে উপজেলা পরিষদের এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আর এ তফসিল ঘোষণার পর উপজেলার সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক তোড়জোর শুরু হয়েছে। ইতোমধ্যে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তদবির ও দৌড়ঝাঁপ। সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে জোর লবিং শুরু করেছেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে নেই তেমন তত্পরতা। বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থিত সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। ইতোপূর্বে তিনি এ উপজেলার মির্জাপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক ও বাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান হাবিব, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ সালাহউদ্দিন সরকার।