বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলবে। মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই রায় দেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি এ কে এম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়ার মামলায় মির্জা আব্বাসসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৬ সালের ৮ ডিসেম্বর মামলাটি বাতিলের জন্য আবেদন করেন তিনি।
