‘তোমরা মোর ছাওয়াটাক বাঁচান বাহে’

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:১৫
নীলফামারীর জলঢাকা উপজেলার প্রত্যন্ত গ্রাম কৈমারী ইউনিয়নের গাবরোল কয়লাপাড়া এলাকার হতদরিদ্র দম্পতি একরামুল ও আয়শা বেগম তাদের ৫মাস বয়সী একমাত্র সন্তানকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সাহায্যের আশায়। তাদের একমাত্র নয়নের মনি আশরাফুলকে বাঁচাতে দরকার উন্নত চিকিত্সা আর সেজন্য প্রয়োজন অনেক টাকা। শিশুটির হূদপিন্ডে ছিদ্র ধরা পড়েছে। চিকিত্সকরা জানিয়েছেন ছেলেটিকে সুস্থ করতে একটি জটিল অপারেশন জরুরি, আর এজন্য প্রয়োজন ৫/৬ লাখ টাকা। এ প্রতিবেদক একরামুলের বাড়িতে গেলে শিশু আশরাফুলের মা আয়শা বেগম হাউ-মাউ করে কেঁদে উঠে বলেন, ‘তোমরা মোর ছাওয়াটাক বাচান বাহে। শিশুটির বাবা-মা তাদের প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তশালীদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, মো. একরামুল হক, সঞ্চয়ী হিসাব নং ৩৫০০২, সোনালী ব্যাংক জলঢাকা শাখা, নীলফামারী।