ভিসির পদত্যাগ দাবিতে বিএসএমএমইউতে বিক্ষোভ

আপডেট : ১৪ মে ২০১৯, ০০:৩৬

মেডিক্যাল অফিসার নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল ও উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থী, যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রথম থেকে তারা পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দিতে ভিসিকে চাপ দিচ্ছিলেন; কিন্তু কোনো চাপের কাছে নতিস্বীকার না করে মেধার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, এতদিন তারা নিয়োগ পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশিত হয়েছে। মেধার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। এক চুলও নড়বো না।

গতকাল আন্দোলনকারীরা ভিসি কার্যালয় ঘেরাও করেন। পরীক্ষা বাতিল ও ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দুপুর আড়াইটার দিকে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।