পূর্ণিমার জো’ তে বিষখালী নদীর পানি গত ৩ দিনে স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পাওয়ায় কাঠালিয়া উপজেলা পরিষদের মাঠ ও রাস্তাঘাটসহ কয়েকটি অফিসের নীচতলায় পানি ঢুকে পড়েছে। উপজেলার কিছু কিছু অংশে বেড়িবাঁধ না থাকায় ১৫টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এদিকে অব্যাহত পানি বৃদ্ধিতে আমুয়া ফেরিঘাটের গাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের পুরো রাস্তাঘাট পানির নিচে রয়েছে। ২/৩ অফিসের নিজ তলায় পানি ঢুকে পড়েছে। এসব অফিসের লোকজন চলাচল করতে না পারায় অফিসের কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া বিষখালী নদীর পশ্চিম পাড়ে কিছু কিছু অংশে বেড়িবাঁধ না থাকায় উপজেলা হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, আমুরীবুনিয়া, লেবুবুনিয়া, মরিচবুনিয়া, পাটিখালঘাটা, রগুয়ার চর, তালগাছিয়া, সোনার বাংলা, আওরাবুনিয়া, মহিষকান্দি, ভায়েলাবুনিয়া, জাংগালিয়াসহ ১৫টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের পুকুরের মাছ ভেসে গেছে, ব্যাপক ক্ষতি হয়েছে আমন বীজতলা, পানের বরজ ও কলা ক্ষেতের। নদীতে জোয়ার আসলেই আমুয়া ফেরিঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন গাড়িগুলো ৪/৫ ঘন্টা আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
