আটোয়ারীতে পুড়ে গেছে আট কৃষকের বাড়িঘর

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:৫৮
পঞ্চগড়ের আটোয়ারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডটি ঘটে। জানা গেছে, ওই গ্রামের মাজেদুলের রান্নাঘর হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে গ্রামের বাবলু হক, ফরিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মোস্তফা কামাল, আলাল হোসেন, মাজেদা বেওয়া ও আমজাদ হোসেনের বাড়িতে বিস্তার ঘটে। উপস্থিত গ্রামবাসী ও পঞ্চগড় হতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও অগ্নিকাণ্ড শুরু হলে পাশের ৪/৫টি পরিবার অগ্নিকাণ্ডের হাত হতে রেহাই পেতে বাড়ি-ঘর ভেঙ্গে মূল্যবান মালামাল অন্যত্র সরিয়ে নেয়ায় মালামাল ও ঘর-বাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্রামবাসী জানায়। গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান ও সংশ্লি¬ষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা ও ২০ কেজি করে চাল ও কম্বল বিতরণ করেন।