দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর এবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগরীতে আতংক সৃষ্টি করেছে নগর ছাত্রদলের নয়া কমিটিতে স্থান না পাওয়া বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে মঞ্জু সমর্থক ছাত্রদল নেতাকর্মীরা নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকায় জমায়েত হতে থাকে। দুপুর ১২টার দিকে ভিআইপি টাওয়ারের বিপরীত পাশের ফুটপাতে বিকট শব্দে দু’টি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের আঘাতে এক পথচারী কিশোর আহত হয়। একই সময় এমএ আজিজ স্টেডিয়ামের পাশেও একটি ককটেল বিস্ফোরিত হয়। এসময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিআইপি টাওয়ার ও সংলগ্ন অ্যাপোলো শপিং সেন্টারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। রাস্তায় যান চলাচল কমে যায়। এদিকে নাসিমন ভবনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গত বুধবার নাসিমন ভবনে হামলার প্রতিবাদে গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নগর বিএনপি ও অঙ্গসংগঠন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি কার্যালয়ে বুধবার যারা অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে তারা ছাত্রদলের কেউ নয়। তারা আওয়ামী লীগের এজেন্ট। ঈদের পর বেগম খালেদা জিয়া এক দফা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের যে ডাক দেবেন তা বানচালের লক্ষ্য নিয়েই আওয়ামী এজেন্টরা বিএনপি কার্যালয়ে হামলা করেছে। আগামী এক মাসের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে দলের সবচেয়ে নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী, আরইউ চৌধুরী শাহীন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ বক্তব্য রাখেন।
নাসিমন ভবনে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ফৌজদারি দণ্ডবিধির ৪২৭, ১৪২ ও ১৪৭ ধারায় মামলাটি করেন মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেন। বুধবার ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক ৭ জনের মধ্যে ৫ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বিএনপি পক্ষে এ মামলা দায়ের করা হয়েছে বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
