উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে জমি নিয়ে বিরোধ ও আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের বন্দুক যুদ্ধে উভয় পক্ষের ৬০ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, কামারখাল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান, প্রবাসী আবুল হাসিম ও একই গ্রামের অপর প্রবাসী আবারক মিয়ার দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গোলাগুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জের এ এস পি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
