রানা প্লাজা ধস

সাভার পৌরসভার মেয়র রেফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৪৫
রানা প্লাজা ধসের ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত হওয়া সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এ আদেশ দেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়া সবাই কারাগারে আছেন। মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তথ্য বিভাগের (সিআইডির) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর গতকাল সাভার পৌরসভার মেয়র রেফাতকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার অনুমতি চেয়ে তিনি আবেদন করেন। তবে এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোন রিমান্ড আবেদন করা হয়নি। অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল এ আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন। অন্যদিকে আসামির পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ প্রমুখ। উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ডের পাশে গত ২৪ এপ্রিল সকালে ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় ১ হাজার ১২৭ পোশাক শ্রমিক মারা যান। এছাড়া প্রায় আড়াই হাজার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।