রাজধানীর ফুটপাতগুলোতেও জমে ওঠেছে ঈদ বাজার। ক্রেতা-বিক্রেতার দামাদামি আর বিক্রেতাদের ক্রেতা ডাকাডাকিতে সবসময়ই সরগরম থাকছে ফুটপাতগুলো। ফুটপাত বলে পণ্যের মান খারাপ, তা কিন্তু নয়। একটু দেখে-শুনে দরদাম করে কিনতে পারলে ভালোমানের পণ্য পাওয়া যায় ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতে ভাসমান দোকান হওয়ায় দোকানের ভাড়া অল্প বলে পণ্যের দাম হয় কম। তবে ফুটপাতে পণ্য কিনতে হলে দরদাম করে কিনতে হবে। কারণ দোকানিরা অনেক সময়ই পণ্যের দাম চায় অনেক বেশি।
ঢাকায় ফুটপাতে সবচেয়ে বড় বাজার বসে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, ঢাকা কলেজের সামনে ও মিরপুর এলাকায়। এসব জায়গা ফুটপাতের বাজার হিসেবে সুনাম কুড়িয়েছে দেশজুড়ে। গাউছিয়া ও নিউমার্কেটের সামনের ফুটপাতে বিক্রি হয় মেয়েদের পোশাক ও স্যান্ডেল। সব বয়সী মহিলাদের কাছে এখানকার স্যান্ডেল খুবই জনপ্রিয়। যেকোন বয়সের যে কোন ধরনের স্যান্ডেল পাওয়া যায় এখানে। দাম পড়বে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে।
মতিঝিল ও গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতে ছেলেদের শার্ট, গেঞ্জি, টি-শার্ট, প্যান্টের কাপড় পাওয়া যায়। তবে ছেলেদের জুতা, স্যান্ডেল ও চামড়ার বেল্ট পাওয়া যায় গুলিস্তানে বেশি। মতিঝিল, গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতে তরুণদের শর্টশার্ট ও ফরমাল শার্ট পাওয়া যায় নানা চেক ও ডিজাইনের। এসব শার্টের দাম পড়বে ১০০ থেকে ৫৫০ টাকা। টিশার্টের দাম পড়বে ৩০ টাকা থেকে ৩০০ টাকা। জিন্স প্যান্টের দাম ১৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
মানের দিক থেকে গুলিস্তানের চেয়ে ভাল শার্ট ও প্যান্ট পাওয়া যায় ঢাকা কলেজের ফুটপাত সংলগ্ন দোকানগুলোতে। এখানে গার্মেন্টসের স্টক লটের শার্টও মাঝে মাঝে পাওয়া যায় বেশ কম দামে। এখানকার ফর্মাল শার্টের দাম ১৬০ থেকে ২৫০ টাকা। আর ট্রেন্ডি শার্ট পাওয়া যায় ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। আর ফর্মাল ফুল প্যান্টের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা। সেসাথে জিন্সের প্যান্টের রয়েছে বড় কালেকশন। এসব প্যান্টের দাম ২৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। ফ্যাশনেবল তরুণ প্রজন্মের কাছে এসব জিন্স খুবই জনপ্রিয়।
মতিঝিলের শার্ট বিক্রেতা জালাল মিয়া বলেন, আমাদের কাছে অনেক ভালমানের শার্ট পাওয়া যায়। কিন্তু এসব জিনিস কিনতে ক্রেতারা বেশি দাম দিতে চায় না। অথচ অনেক সময় অনেক খারাপ মানের শার্টও ক্রেতারা শোরুম থেকে বেশি দামে কিনেন।
গাউসিয়া ও নিউমার্কেটের সামনের ফুটপাতে শিশুদের গ্যাঞ্জি সেট, ফ্রগ, ছোট কামিজ-পায়জামা, পাঞ্জবি, ফুলপ্যান্ট, হাফপ্যান্টসহ সব ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। শিশুদের ফ্রগ ১০০ টাকা থেকে ৪০০ টাকা, বড়দের সালোয়ার-কামিজ সেট ২৫০ টাকা থেকে ৮০০ টাকা। স্যান্ডেল ১০০ থেকে ৪০০ টাকা, পাঞ্জাবি ২০০ থেকে ৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আতর-শুরমা, টুপি, তজবি, জায়নামাজ সবই পাওয়া যাচ্ছে ফুটপাতে।
