জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১৮ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, এটিএম আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে প্রাথমিক অভিযোগ পাওয়ায় তা আমলে নেয়া হলো। এসব নথিপত্রের একটি অনুলিপি গতকালই আজহারের আইনজীবীদের দেয়ার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি একেএম সাইফুল ইসলাম ও নূরজাহান বেগম মুক্তা অন্যদিকে আজহারের পক্ষে আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এটিএম আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৮ জুলাই আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধে ৬টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটিও (ঊর্ধ্বতন কর্তৃত্বের দায়) রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে তার বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, ৪ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে একই ট্রাইব্যুনালে দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী ৭ আগস্ট মীর কাসেমের পক্ষে আইনজীবীদের শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ঐদিন তার আইনজীবী অভিযোগ গঠন না করার বিষয়ে যুক্তি তুলে ধরবেন। গত ২৬ মে কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
