দীপু মনি দিল্লীতে

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৪
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লী গেছেন। মূলত: একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের আমন্ত্রণে একটি সেমিনারে যোগ দিতেই তার এই সফর। পাশাপাশি তিনি ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বহুল প্রতীক্ষিত তিস্তার পানি বন্টন চুক্তি ও সীমান্ত প্রটোকল অনুমোদনের ব্যাপারে অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্র জানায়। গতকাল রাতে নয়াদিল্লীর গবেষণা প্রতিষ্ঠান ওভারসীজ রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত চতুর্থ আর কে মিত্র স্মারক বক্তৃতায় অংশ নেন তিনি। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখেন। সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার তিনি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও রাজ্য সভার বিরোধী দলীয় নেতা অরুন জেটলির সঙ্গে সাক্ষাত্ করবেন। বিরোধী দল বিজেপির এই নেতার সঙ্গে সাক্ষাতে দীপু মনি দু’দেশের মধ্যে ঝুলে থাকা সীমান্ত প্রটোকল চুক্তিতে সমর্থন দেয়ার অনুরোধ করবেন। আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রটোকল চুক্তি অনুমোদনের জন্য পেশ হবে। পার্লামেন্টের বিরোধী দলের সমর্থনে চুক্তিটি অনুমোদন দিতে হবে। তাই অরুন জেটলির সঙ্গে দীপু মনির বৈঠক গুরুত্বপূর্ণ বলে কূটনৈতিক মহল মনে করছেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরোধিতার কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তির অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন দীপু মনি। ভারত সরকার অভ্যন্তরীণভাবে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরে। সমঝোতা ছাড়া বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা তিস্তা চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়ন সম্ভব হবে না। এই দুটি বিষয়ে ইতিবাচক অগ্রগতির পর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লী সফর চূড়ান্ত হবে বলে কূটনৈতিক সূত্র জানায়।