টাঙ্গাইলে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৪
জেলার সদরে কবির হোসেন (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গত বুধবার রাতে কুপিয়ে ও গুলি করে সন্ত্রাসীরা হত্যা করেছে। মোবাইলে ফ্লেক্সিলোড করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানায়। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এদিকে হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল সকালে সদরে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। এছাড়া সদরের সব ওষুধ এবং মোবাইলে ফ্লেক্সিলোডের দোকান গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ ছিল। নিহত কবির হোসেন টাঙ্গাইল শহরের কোদালিয়ার কুদরত আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে এসকে মেডিক্যাল হল নামে কবির হোসেনের দোকানে গত বুধবার রাত ১০ টার দিকে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী মোবাইলে ফ্লেক্সিলোড করতে বাকবিতণ্ডা করে। পরে তারা সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর তারা ফিরে এসে কবিরের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কবিরের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত কবিরের বড় ভাই রুহুল আমিন বাদি হয়ে ঘটনার দিন রাতে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ গতকাল ভোরে উজ্জ্বল ও আকাশ নামে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে। এদিকে নিহত কবিরের গতকাল সকালে ময়নাতদন্ত হয়েছে বলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন।