সিলেট সিটিতে সরকার পানি শোধনাগারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৪
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিটি নির্বাচনে সিলেটবাসীর দেয়া রায়ের প্রতি নাখোশ হয়ে সরকার নগরীতে নির্মাণাধীন পানি শোধনাগারের কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু এভাবে বেশি দিন চলবে না। নগরবাসীই তাদের অধিকার আদায় করে নিবে। নগরীর সুবিদবাজারে একটি হোটেলে গত বুধবার ‘সিলেটস্থ সুনামগঞ্জ-১ আসন জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক আফজল হোসেন স্বপন। তিনি আরো বলেন, দেশের ৫টি সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবিতে সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকারের পায়ের নিচে এখন আর মাটি নেই। তাই তারা উল্টাপাল্টা কথা বলছে ও কাজ করছে। লিয়াকত আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন—বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. রফিক চৌধুরী, সিলেট সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির শাহীন, আফজাল হোসেন চৌধুরী জাবেদ, ইশতিয়াক আহমদ, মাহবুবুল হক চৌধুরী, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।