গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫৬ লক্ষ টাকার কাজের সিডিউল চুরির ঘটনায় গত বুধবার টেন্ডার বাতিল করা হয়েছে। টেন্ডার কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসির রুমে থাকা টেন্ডার বক্স থেকে গত মঙ্গলবার দুপুরে এ সিডিউল চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ ওইদিন রাতে সিডিউলটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫৬ লক্ষ টাকায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের টেন্ডার জমা দেয়ার শেষ দিন ছিল গত মঙ্গলবার। এ দিন ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লুত্ফর রহমান অ্যান্ড ব্রাদার্স গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডারের সিডিউল জমা দেয়। এ সময় সিডিউল জমা দেয়ায় বাধা দিতে ব্যর্থ হয়ে তরিকুল ইসলামসহ ২ যুবক ওই দিন দুপুরেই ডিসি অফিসের এনডিসির রুমে ঢুকে টেন্ডার বক্স থেকে ওই সিডিউলটি চুরি করে নিয়ে যায়। গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান বলেন, এ টেন্ডারটি বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে।
