ন্যাড়া হলেন সিনিয়র বুশ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৫
ন্যাড়া হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। তবে খেয়ালের বশে নয়, লিউকেমিয়ায় আক্রান্ত ছোট্ট একটি শিশুর প্রতি তার সমর্থন ব্যক্ত করতে তিনি মাথার চুল ফেলে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের নেতা ৮৯ বছর বয়সী বুশ চলতি সপ্তাহের প্রথম দিকে মেইনে অঙ্গরাজ্যে উপকূলবর্তী বাড়িতে মাথা ন্যাড়া করেন। খবর বিবিসির। গত বুধবার সাবেক এই প্রেসিডেন্টের এক মুখমাত্র জানান, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এক সদস্যের দুই বছরের শিশুসন্তানের চিকিত্সায় সাহায্যের হাত বাড়াতে সিক্রেট সার্ভিসের কিছু সদস্য মাথা ন্যাড়া করেন। এটি দেখে বুশও নিজের মাথার ধূসর রঙের চুল ফেলে দেন। সিক্রেট সার্ভিস সদস্যের সেই শিশুপুত্রের নাম প্যাট্রিক। ক্যান্সারের চিকিত্সার পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মাথার চুল পড়ে যাচ্ছে। তার চিকিত্সায় সহায়তার জন্য একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। সিনিয়র বুশ ও বারবারা দম্পতি ৬০ বছর আগে তাদের দ্বিতীয় সন্তান রবিনকে হারান লিউকেমিয়ার কারণেই। তখন রবিনের বয়স ছিল মাত্র ৪ বছর। ব্রংকাইটিসে আক্রান্ত সিনিয়র বুশ গত জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়ে দুই মাস চিকিত্সাধীন ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার পুত্র জর্জ ডব্লিউ বুশ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।