জলঢাকায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৫
ছাত্রলীগ জলঢাকা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন নিয়ে বুধবার গভীর রাতে দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ সভাপতিসহ উভয়পক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছে। গত ২৭ জুন সম্মেলনে নলনী বিশ্বাসকে সভাপতি ও শফিকুল গনি স্বপনকে সাধারণ সম্পাদক করে উপজেলা এবং আহসান হাবিব সাহেদকে সভাপতি ও ফরহাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে পৌর শাখার কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার রশীদের নেতৃত্বে একটি অংশ ঘোষিত কমিটি বাতিলে আল্টিমেটাম দেয়। এরই জের ধরে পৌর ছাত্রলীগের বর্তমান সভাপতি ও এক ছাত্রলীগ কর্মীকে গত বুধবার রাত ৯টায় মারপিট করে সারোয়ার গ্রুপের কর্মীরা। প্রতিবাদে নতুন কমিটির সভাপতি ও সম্পাদক সমর্থক নেতা-কর্মীরা সংগঠিত হয়ে সারোয়ার রশীদকে বেধড়ক পিটুনি দেয়। ফলে শহরে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে উপজেলা যুবলীগ সভাপতির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি গ্রুপ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শহরে মহড়া দেয় ও নতুন কমিটির নেতা-কর্মীদের খোঁজে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে লোকজন আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে, মুহূর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়। ট্রাফিক মোড়ে দুটি দোকান ভাংচুর করা হয়। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস বলেন, যুবলীগ নেতাদের অযাচিত হস্তক্ষেপের কারণে ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। আহত সাবেক ছাত্রলীগ সভাপতি সারোয়ার রশীদ এ ঘটনার জন্য ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সম্পাদককে দায়ী করেছেন।