বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী শান্ত কাউর বাজোয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন। বাজো-য়ার পাসপোর্টের তথ্য অনুযায়ী তার জন্ম তারিখ ১৮৯৮ সালের ১ জানুয়ারি। জন্ম পাকিস্তানের শিয়াল-কোটে। সেই হিসেবে তার বয়স হয়েছিল ১১৫ বছর ১৯৯ দিন। ১৯৬৯ সাল থেকে তিনি যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বাস করতেন। গত শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। সন্তানেরা তার আগেই মারা গেছে। তিনি ১২ জন নাতি-নাতনি রখে গেছেন। আর তাদের ছেলেমেয়ের সংখ্যা এখন ২৮ জন। খবর বিবিসির।
তার পরিবার মনে করে বাজোয়াই বিশ্বের প্রবীণ ব্যক্তি ছিলেন। তবে এটি প্রমাণ করার মতো আনুষ্ঠানিক তথ্যপ্রমাণ তাদের কাছে নেই। এই রেকর্ডের জন্য গিনেস বুকে নাম লেখাতে জন্মসনদ ও পাসপোর্ট থাকতে হয়। তার নাতি সঞ্জিব সিং রায় বলেন, যতদূর মনে পড়ে, তার দাদীর জন্মসনদ নেই, শুধু পাসপোর্ট আছে যাতে তার জন্মতারিখ লেখা ১ জানুয়ারি ১৮৯৮ সাল। সেই হিসেবে তাকেই বিশ্বের প্রবীণ ব্যক্তি বিবেচনা করা হতো। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী জাপানের মিসাও ওকাওয়া এখন বিশ্বের প্রবীণ ব্যক্তি। তার বয়স ১১৫ বছর ৯৯ দিন।
