৯ম জাতীয় সংসদ নির্বাচনে জেলার কমলগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নকে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাথে যুক্ত করা হয়েছিল। কিন্তু সারা দেশে ৮৭টি নির্বাচনী এলাকার সীমানা নিয়ে সম্প্রতি শুনানি শেষে নির্বাচন কমিশন ৫০টি আসনে কিছুটা পরিবর্তন আনলেও মৌলভীবাজার-৪ আসনের কোন পরিবর্তন করা হয়নি। কমলগঞ্জের বাদ পড়া ৪টি ইউনিয়নকে আবার মৌলভীবাজার-৪ আসনের সাথে যুক্ত করার আবেদন জানিয়ে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী উচ্চ আদালতে গত মঙ্গলবার এক রিট আবেদন করেছেন। আগামী রবিবার এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালতসূত্রে জানা গেছে।
রিট আবেদনকারী মুজিবুর রহমান চৌধুরী বলেন, ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে কোন ভৌগোলিক অবস্থা যাচাই না করে নির্বাচন কমিশন কমলগঞ্জের শমশেরনগর, আলীনগর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নকে মৌলভীবাজার-২ আসন কুলাউড়ার সাথে যুক্ত করে। কিন্তু এ সরকারের সময় এই ৪ ইউনিয়নের তেমন কোন উন্নয়ন হয়নি। এছাড়া কুলাউড়ার সাথে এই ৪ ইউনিয়নের যোগাযোগ কষ্টকর হওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মৌলভীবাজার-৪ আসনের সাথে যুক্ত করতে এ রিট আবেদন করা হয়েছে।
