মুসলমানদের প্রতি শান্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জন কেরির

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৭
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শান্তির জন্য কাজ করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে পররাষ্ট্র দপ্তরের বেঞ্জামিন ফ্রাংকলিন কক্ষে বুধবার আয়োজিত ইফতার পার্টিতে তিনি এ আহ্বান জানান। ইফতার অনুষ্ঠানে মুসলিমদের উদ্দেশে কেরি বলেন, বিশ্বকে আরো ভালো ও সুন্দর করতে আপনারা কাজ করছেন। ফিলিস্তিন-ইসরাইল, শিয়া-সুন্নিসহ বিভিন্ন সংখ্যালঘু ও মানুষের মাঝে শান্তি ও নিরাপত্তা স্থায়ী করতে আপনারাই ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাসের কারণে আমাদের সম্পর্ক শুধু সৃষ্টিকর্তার সঙ্গে নয় সবার সঙ্গে। তিনি বলেন, পৃথিবীর আর কোনো দেশই যুক্তরাষ্ট্রের মতো এত উদারতা দেখায়নি। এখানে সকল সম্প্রদায়ের লোকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ইফতার পার্টিতে ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশসমূহের কূটনীতিক, কংগ্রেস সদস্য, ধর্মীয় নেতারাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের আমন্ত্রিত অতিথিরা যোগ দেন।