সাংবাদিকদের মারধর করে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার হওয়া সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি অবশেষে ক্ষমা চাইলেন গণমাধ্যমে কর্মরত সাংবদিকদের কাছে। গতকাল বৃহস্পতিবার সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে রনি বলেন, ‘নানা বিষয়ে মতপার্থক্য এবং দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সম্প্রতি আমি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। ঘটনার পূর্বাপর বিশ্লেষণে বোঝা যায় আমি মূলত পরিস্থিতির শিকার। এই ঘটনায় সাংবাদিক বন্ধুদের সঙ্গে অসংযত আচরণের দায় পুরোপুরি আমার। গণমাধ্যমে যুক্ত/ কর্মরত সকল সাংবাদিক বন্ধু, এ আচরণে ক্ষুব্ধ সকল শুভানুধ্যায়ীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘ক্ষমা প্রার্থনার মাধ্যমে এই অধ্যায়ের অবসান ঘটবে বলে আশা করছি।’
বিবৃতিতে রনি বলেন, রাজনৈতিক জীবনে তিনি বরাবরই আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গবন্ধুর নীতি-আদর্শে বিশ্বাসী, অনুগত ও নিবেদিতপ্রাণ কর্মী। তার রাজনৈতিক শিক্ষা ও অনুপ্রেরণার উত্স বঙ্গবন্ধু। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আরও গতিশীল এবং নিরাপদ করাই আমার লক্ষ্য।’
লিখিত বিবৃতিতে রনি বলেন, ‘বেশকিছু দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে লেখালেখি হচ্ছে।’ তিনি ঘোষণা দেন যে তার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের একটিরও সত্যতা মিললে তিনি তাত্ক্ষণিকভাবে রাজনীতি থেকে চিরবিদায় নেবেন।
