বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট(আশা)’র প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে আশা’র আঞ্চলিক কার্যালয়ে গত সোমবার স্থানীয় শিক্ষা সেবিকাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র জেলা ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ম্যানেজার মোঃ আব্দুল বাছেত, ব্রাঞ্চ ম্যানেজার আবুল বাশার ও শিক্ষা সুপারভাইজার মোঃ ফারুক আহম্মেদ।
প্রশিক্ষণে আশা’র গৌরীপুর অঞ্চলের ১৫টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা প্রাথমিক রিসোর্স ইন্সট্রেক্ট মোঃ আশাদুজ্জামান।
আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জেলা ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থী ড্রপ আউট বা ঝরে পড়ার হার রোধ, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার ভূমিকার প্রসার ঘটানো। উপরোক্ত উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই আশা ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম গ্রহণ করেছে।
