তিন বছরের শিশুকে ধর্ষণ, উত্তাল কাশ্মির

আপডেট : ১৪ মে ২০১৯, ০০:৪৭

কাশ্মিরের বান্দিপুর জেলার সুম্বালে গত সপ্তাহে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত তাহির আহমেদ মীরকে ‘অপ্রাপ্তবয়স্ক’ বলায় গতকাল কাশ্মিরজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভে রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে শিক্ষার্থীরাও অংশ নেন। বিক্ষোভের ফলে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। জানা যায়, গত সপ্তাহে তাহির ওই কন্যা শিশুকে মিষ্টি খাওয়ানোর নাম করে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুটি বাড়িতে এসে তার বাবাকে ঘটনা জানায়। বাবা অভিযুক্ত তাহিরকে নিয়ে পুলিশের কাছে যান। পুলিশ মামলাও নেয়। কিন্তু কয়েকদিন পরে তাহির একটি বেসরকারি স্কুল থেকে সার্টিফিকেট জমা দেয় যাতে দেখা যায় সে ‘অপ্রাপ্তবয়স্ক’। এরপরই বিক্ষোভ দানা বাঁধে। কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রীরাও এর নিন্দা জানিয়েছেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাহিরের আত্মীয়। পুলিশ জানিয়েছে, তাহিরের মেডিক্যাল পরীক্ষা হবে। তাহলেই তার প্রকৃত বয়স জানা যাবে। -এনডিটিভি