রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়ার নাগেরবাগ এলাকায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মাথা ন্যাড়া করে দিয়ে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে প্রভাবশালীরা। তবে স্থানীয়রা জানিয়েছে, মূলত ওই বৃদ্ধার টাকা মেরে দেয়ার জন্যই বাদল বেপারীর নেতৃত্বে প্রভাবশালীরা তাকে এলাকা ছাড়া করেছে।
অমানবিক এ ঘটনার ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, কেউ যদি অপরাধ করে থাকে তার বিচারের জন্য আইনের কাছে সোপর্দ করতে হবে। এ ধরনের বিচারের দায়িত্ব অন্য কাউকে দেয়া হয়নি। ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী বাদল বেপারীকে গ্রেফতার করা হবে।
এলাকাবাসীরা জানায়, বাদল বেপারীর বাড়িতে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা মহিলা বহুদিন ধরে ভাড়া থাকেন। বুধবার রাত দেড়টার দিকে বাদল বেপারী ওই বৃদ্ধাকে একজন খদ্দেরসহ আটক করেছেন বলে চিত্কার করেন। বাদল বেপারী বৃদ্ধার ঘরে তালা ঝুলিয়ে দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শত শত মানুষ জড়ো হয়ে এলাকার মাসুম শেখকে গণধোলাই দেয়। মাসুম শেখ অভিযোগ করেন, বাদল বেপারী তাকে ওই ঘরে জোর করে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পরে বাদল বেপারী ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে শত শত মানুষের সামনে পেটাতে থাকেন। এক পর্যায়ে ওই বৃদ্ধার মাথা ন্যাড়া করে দেন।
এ ব্যাপারে বাদল বেপারী বলেন, ওই মহিলার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এলাকাবাসী করেছে। এলাকাবাসী ওই বৃদ্ধাকে খদ্দেরসহ আটক করে মারধর করেছে।
