গোপালগঞ্জের কোটালীপাড়ায় টিকা নেয়ার পর শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রেমানন্দ মন্ডলকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। গত বুধবার বিসিজি ও পেন্টা ফাস্ট টিকা প্রয়োগ এবং পোলিও টিকা খাওয়ানো হলে কোটালীপাড়া উপজেলার তুতবাড়ি গ্রামের সুরেশ হালদারের তিন মাস বয়সী ছেলে রাতুল হালদার মারা যায়। একই গ্রামের জয়দেব বিশ্বাসের আট মাস বয়সী ছেলে জ্যোতি টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়ে।
রাতুল হালদারের মা অমলা হালদার জানান, বুধবার দুপুরে রাধাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কর্মী অঞ্জলী বিশ্বাস তার ছেলেকে ও স্বাস্থ্য কর্মী গীতা সমাদ্দার জ্যোতিকে টিকা প্রদান করে। টিকা প্রদানের পর রাতুল ও জ্যোতি অসুস্থ হয়ে যায়। রাতুলের মুখ দিয়ে লালা ও ফেনার সঙ্গে রক্ত বের হয়। রাত সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার শ্যামল বাড়ৈ রাতুলকে মৃত ঘোষণা করেন। জ্যোতিকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. শ্যামল বাড়ৈ সাংবাদিকদের জানান, টিকার মেয়াদ উত্তীর্ণ হলে সাধারণত এ ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়। তবে আমি যতটুকু জেনেছি এ টিকার মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত রয়েছে।
