ভারতের দ্বিতীয় জয়

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:৫১
শেখর ধাওয়ানের দুদার্ন্ত সেঞ্চুরির পর জয়দেব উনাদকাটের দারুন বোলিংয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও সহজ জয়ই পেয়েছে ভারত। হারারেতে বিশ্বচ্যাম্পিয়নরা গতকাল ৫৮ রানে পরাজিত করে স্বাগতিকদের। টসে হেরে ব্যাটিংয়ে নামা সফরকারিদের শুরুটা এদিন মোটেই ভাল হয়নি। মাত্র দ্বিতীয় ওভারেই ওপেনার রোহিত শর্মা বিদায় নেয়ার পর এক পর্যায়ে ৬৫ রানেই তারা হারিয়ে ফেলে চারটি উইকেট। এরপর পঞ্চম উইকেটে দুর্দান্ত ফর্মে থাকা ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধেন দিনেশ কার্তিক। এ জুটিতে তোলা ১৬৭ রানের উপর ভর করেই শেষ পর্যন্ত ২৯৪ রানের বড় স্কোরই গড়ে ভারত। ১১৫ বলে শতক ছোঁয়া ধাওয়ান শেষ পর্যন্ত করেন ১১৬ রান। অন্যদিকে কার্তিকের ৬৯ রান আসে ৭৪ বলে। জবাব দিতে গিয়ে জিম্বাবুয়ের শুরুটা ছিল ভারতের ঠিক বিপরীত। উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলার পর সিকান্দার রাজা ফিরে গেলেও অন্যপ্রান্তে সিবান্দা খেলছিলেন দারুন। তবে উনাদকাট একই ওভারে সিবান্দা এবং মাসাকাদজাকে ফিরিয়ে দিলে বিপদে পরে যায় তারা। এরপর দ্রূতই আরো কয়েকটি উইকেটের পতন ঘটলে শঙ্কা জাগে তাদের পুরো ওভার টিকে থাকা নিয়েও। তবে শেষ দিকে চিগাম্বুরা এবং প্রস্পার উেসয়ার লড়াইয়ে ৫০ ওভার ব্যাট করেই মাঠ ছাড়ে তারা।