মিয়ানমারের চিংড়ি ঠেকাতে বিজিবিকে মন্ত্রণালয়ের চিঠি

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪২
টেকনাফে মিয়ানমারের চিংড়ি আসা বন্ধ রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে বিজিবিকে। ঐ পত্রে মিয়ানমার থেকে টেকনাফ খায়ুকখালী ঘাটে চিংড়ি আসা বন্ধের কথা উল্লেখ করা হয়েছে বলে জানায় বিজিবি। এতে ১০দিন ধরে টেকনাফ খায়ুকখালী ঘাটে চিংড়ি আসা বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে। মিয়ানমার থেকে চিংড়ি আসা বন্ধ রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের এমডি আর রাজস্ব বোর্ডের পক্ষ থেকে গত ১০দিন আগে তারা একটি চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল মোঃ জাহিদ হাসান। তিনি আরো জানান, ঐ চিঠি পাওয়ার সাথে সাথে চিংড়ি ব্যবসায়ীদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত হেডলেস ও হেড অন চিংড়ি আসা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। চিংড়ি মূলত মিয়ানমারের মংডু, মঘনামা, মাংলা থেকে আসে। সর্বশেষ ১৫ জুলাই মিয়ানমার থেকে টেকনাফ খায়ুকখালী ঘাটে চিংড়ি এসেছিল। একজন চিংড়ি ব্যবসায়ী জানান, এই চিংড়ি ব্যবসার জন্য আমরা মিয়ানমারের পার্টিকে লক্ষ লক্ষ টাকা দাদন দিয়েছি। চিংড়ি আসা বন্ধ থাকলে আমাদের অনেক ক্ষতি হবে বলে জানান তিনি। তাই তিনি পুনরায় ঐ চিংড়ি আসার সুযোগ দেয়ার দাবি জানান। এদিকে বিজিবি গতকাল শুক্রবার বিকালে টেকনাফ সদর বিওপির সুবেদার জাকারিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা নাফ নদীতে অভিযান চালিয়ে ২৩২ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করে। এর মধ্যে হেডলেস ১৮২ ও হেড অন ৫২ কেজি রয়েছে।