কেশবপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৪
জেলার কেশবপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে বজলুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। কেশবপুর উপজেলার চিংড়া বাজারে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত। কেশবপুর থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেশবপুর পৌর মেয়র ও পৌর বিএনপি সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সমর্থক জালিম হোসেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ সম্পর্কে কটূক্তি করেন। এতে আজাদের সমর্থকরা জালিমকে মারধর করে। পরে তারা একজোট হয়ে সামাদ বিশ্বাসের সমর্থক মোস্তফার বাড়িতে হামলা চালায়। এ সময় মোস্তফা তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করলে পথচারী আওয়ামী লীগ কর্মী বজলুর রহমান গুলিবিদ্ধ হন।