চট্টগ্রামে পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীদের আন্দোলন অব্যাহত

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৪
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম বিএনপি’র কার্যালয় নাসিমন ভবনের সামনে মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দলীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন জড়িত ছিলেন বলে দাবি করেন। তারা বলেন, ছাত্রদলের পকেট কমিটিকে জায়েজ করার জন্যই শাহাদাত হোসেন বিএনপি অফিসে আগুন লাগিয়েছেন। এসময় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা ডা.শাহাদাত হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশ শেষে একটি মিছিল নাসিমন ভবন দলীয় কার্যালয় হতে লাভলেইন হয়ে কাজির দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতা মোহাম্মদ মুসা সমাবেশে সভাপতিত্ব করেন। গত রবিবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বুধবার চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে পদবঞ্চিতরা।