চার মাস পর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৭
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্টমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করার এখন আর কোনো সুযোগ নেই। চার মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগ অসাংবিধানিক কোন সরকারকে ক্ষমতায় আসতে দেবে না। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘ঠিকানা একাত্তর বাংলাদেশ’ আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যই একমাত্র পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, বলরাম পোদ্দার এবং সাইফুল ইসলাম তালুকদার, শাহ মফিজ, রফিকুল ইসলাম লিটন প্রমুখ। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে। আর খালেদা জিয়ার কথা অনুযায়ী তাদের সরকার হবে বিএনপি-জামায়াত-হেফাজত সরকার। তিনি বলেন, পাঁচ সিটি নির্বাচনে জয়ী হয়ে বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভের স্বপ্ন দেখছে। কিন্তু আমরা কখনোই অসাংবিধানিক সরকারকে দেশে ক্ষমতায় আসতে দেব না। তিনি আরো বলেন, আমরা জানি এই পাঁচ বছরে জনগণের সকল প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের অনেক ভুল-ক্রটি আছে। কিন্তু এখন সরকারের সমালোচনা করা বা ভুল ধরার সময় নয়, এখন সরকারকে সাহায্য করে পরবর্তী নির্বাচনে জিততে সহযোগিতা করার সময়।