আজ সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৮
প্রতি বছরের মত এবারো পবিত্র মাহে রমজানের শেষ দশ দিন পবিত্র মক্কা -মদিনায় এবাদত-বন্দেগী-তাসবিহ-তাহলিলে কাটানোর জন্য আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি বাদশা আব্দুল্লাহর আমন্ত্রণে সন্ধ্যা ৭-১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরব যাবেন তিনি। তিনি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববীতে এবাদত এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। জানা গেছে, সেখানে অবস্থানের সময় তিনি সৌদি বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন। বাদশার একটি ইফতার পার্টিতে খালেদা জিয়ার যোগ দেয়ার কথা রয়েছে। একই সঙ্গে সৌদি প্রবাসীদের ইফতার পার্টিতে যোগদানের কর্মসূচি রয়েছে। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন - ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী, দলের ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সহকারী ব্যক্তিগত সচিব সালেহ আহমেদসহ কয়েকজন। ঈদের আগের দিন ফিরবেন তিনি।