রবীন্দ্র গবেষণার জন্য ভাষা সংগ্রামী আহমদ রফিক এবং রবীন্দ্রসংগীতে অবদানের জন্য শিল্পী ফাহমিদা খাতুনকে রবীন্দ্র সম্মাননা প্রদান করা হলো। গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে দুইদিনের রবীন্দ্র উত্সবের আয়োজন করেছে রবীন্দ্র একাডেমি। এছাড়াও এ উত্সবে রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
উত্সবের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। রবীন্দ্র একাডেমির সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ। ফাহমিদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তবে, অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আহমদ রফিক।
আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবন আমাদেরকে অনুপ্রাণিত করবে, সামনের দিকে চালিত করবে। ফাহমিদা খাতুন বলেন, তারা যখন ছোট ছিলেন, নানা সমস্যা পেরিয়ে সংগীত চর্চা করতে হতো। আজকের বাচ্চারা গান শেখার অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় ‘রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা’ বিষয়ক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। রবীন্দ্র একাডেমির সহ-সভাপতি অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা করেন অধ্যাপক শফিউল আলম ও অধ্যাপক মোবাশ্বেরা খানম। সেমিনার শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বুধবার উত্সবের দ্বিতীয় দিনে থাকছে চারটি সেমিনার। সন্ধ্যায় থাকছে সমাপনী অনুষ্ঠান।
নৃত্যে সমকালীন ভাবনা: ঢাকায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গতকাল শুরু হয়েছে দুইদিনের সমকালীন নৃত্য উত্সব। জার্মানির ব্রেমেন শহর থেকে আসা সমকালীন নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক টমাস বুঞ্জারের তত্ত্বাবধানে বাংলাদেশের ১১ জন শিল্পীর একটি দল পরিবেশন করে সমকালীন নৃত্য। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শিল্পীরা ১১টি নৃত্য পরিবেশিত হয়।
নরেন বিশ্বাস পদক পেলেন রফিক উল্লাহ খান: কণ্ঠশীলন-এর একাংশের আয়োজনে নরেন বিশ্বাস পদক পেলেন অধ্যাপক রফিক উল্লাহ খান। বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস-এর ২০তম প্রয়াণ দিবস ছিল গতকাল ২৭ নভেম্বর। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আলোচনা পদক প্রদান ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
