মালয়েশিয়াগামী জাহাজ থেকে ৩৫টি কন্টেইনার সমুদ্রে নিমজ্জিত

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৯
চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বৃহস্পতিবার বিকালে সেন্ট মার্টিন দ্বীপের কাছে কন্টেইনারবাহী জাহাজ এক্সপ্রেস কর্ণফুলি ঝড় কবলিত হলে জাহাজ থেকে ৩৫টি কন্টেইনার পানিতে পড়ে যায়। জাহাজটি চট্টগ্রাম থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি ঝড় কবলিত হওয়ার পর পুনরায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসে। বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১১নং বার্থে অবস্থান করছে। বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম জানান, ঝড় কবলিত জাহাজটি থেকে ৩৫টি কন্টেইনার সমুদ্রের পানিতে পড়ে যাওয়ার খবর বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। কন্টেইনারগুলো খালি না পণ্যবোঝাই ছিল এবং সমুদ্রের পানিতে প্রকৃতপক্ষে আদৌ কোনো কন্টেইনার পড়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পিওএমএমডি অফিসের যৌথ একটি তদন্ত দল আজ শনিবার থেকে কাজ শুরু করবে। এদিকে, জাহাজটির স্থানীয় এজেন্ট সি কনসোর্টিয়ামের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার (অপারেশন) সাইফুল ইসলাম ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার বিকালে সেন্ট মার্টিনের কাছে ঝড় কবলিত জাহাজটি থেকে কোনো কন্টেইনার পানিতে পড়েনি। সেগুলো জাহাজের পেছনের দিকে স্থানচ্যুত হয়ে জাহাজটি কাত হয়ে যায়। ফলে নিরাপত্তার কারণে জাহাজটি বন্দরে ফিরে আসে। আজ আবার জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে বলে তিনি জানান।