নান্দাইলে সাংবাদিকের হাত-পা কেটে ফেলার হুমকি

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৫০
দৈনিক ইত্তেফাক পত্রিকার ময়মনসিংহের নান্দাইল উপজেলা সংবাদদাতা শাহ আলম ভুঁইয়ার হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাজিম উল্লাহ তার মুঠোফোন থেকে ফোন করে নান্দাইলের জুয়ার আসর নিয়ে পত্রিকায় কেন সংবাদ প্রকাশ করা হয়েছে তার কৈফিয়ত দাবি করে শাহ আলম ভুঁইয়াকে অকথ্য ভাষায় গালি গালাজ করে তার (সাংবাদিকের) হাত-পা কেটে ফেলার হুমকি দেন। পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা করার হুমকি দিয়েছেন ওই নেতা। শাহ আলম ভুঁইয়া বাদী হয়ে গতকাল সন্ধ্যায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি নথিভুক্ত করার আবেদন জমা দেন। ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক জোতিষ দেব আবেদনটি নিয়ে ওসি খন্দকার জাহিদুল ইসলামের সাথে কথা বলে বাদীকে অবহিত করবেন বলে জানান। নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকরা জরুরি সভায় মিলিত হয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসক্লাবের সভাপতি আ. হান্নান মাহমুদ বলেন, রাজনৈতিক নেতাদের এসব অপকর্মের তথ্য পাঠককে জানিয়ে সাংবাদিক তার দায়িত্ব পালন করেছেন। এখন ওই হুমকিদাতা নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ও সাংবাদিকের নিরাপত্তার দায়িত্ব কর্তৃপক্ষের ওপর বর্তায়।