এমভি হোপের আরো এক নাবিক দেশে ফিরলেন

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৫১
থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনা কবলিত এমভি হোপ জাহাজের উদ্ধারপ্রাপ্ত শেষ জীবিত নাবিক মো. মোবারক হোসেন গতকাল শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন। থাই এয়ারওয়েজের ফ্লাইটে গতকাল দুপুর ২টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সন্ধ্যায় আরেকটি বিমানে তিনি চট্টগ্রামে আসেন। জাহাজ মালিকের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির ইত্তেফাককে এ তথ্য জানান। মোবারক হোসেন এমভি হোপের সেকেন্ড অফিসার। চিকিত্সার জন্য এতদিন তিনি ব্যাংককে অবস্থান করেন। গত ৪ জুলাই থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে ৩২ কিলোমিটার দূরে আন্দামান সাগরে বাংলাদেশি মালিকানাধীন এমভি হোপ জাহাজটি ডুবে যায়। জাহাজের ১৭ নাবিক প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়েন। এদের মধ্যে ৯ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জাহাজটির ৬ নাবিকের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।