জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে গুলশান স্পিনিং মিলের ‘ভাড়াটে সন্ত্রাসী’, নিরাপত্তা কর্মী ও সুতা শ্রমিকদের হামলায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫০ জন নির্মাণ শ্রমিক। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে ২০ জন। এন আর গ্রুপের আরিফ স্পিনিং মিলের জমিতে নির্মাণ কাজ করতে গেলে নির্মাণ শ্রমিকদের ওপর গুলশান স্পিনিং মিলের ‘ভাড়াটে সন্ত্রাসী’, নিরাপত্তা কমী ও সুতা শ্রমিকরা এ হামলা করে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ নিহত নির্মাণ শ্রমিকের নাম সালাম। এছাড়া পুলিশ এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গুলশান স্পিনিং মিলের ৩ নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এন আর গ্রুপের এমডি শাহজাদা প্রধান বাবুল বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১টি দুই নালা বন্দুক, ১টি শট গান, ২৭টি ব্যবহার হওয়া গুলির খোসা, বিপুল পরিমাণ বল্লম, শাবল, চাইনিজ কুড়াল, দা, লাঠি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। এছাড়া হামলায় আহত শ্রমিকদের ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ চান মিয়া, খালেক, খলিল, বাচ্চু, কামরুলের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গুলশান স্পিনিং মিলের নিরাপত্তাকর্মী জিয়াউল হক (৪০), আবুল খায়ের (৫০), নজরুল ইসলামকে (৪৮) পুলিশ গ্রেফতার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, গাজীপুর ইউনিয়নের ধনুয়া এলাকায় এন আর গ্রুপের আরিফ স্পিনিং মিলস লিমিটেডের ইউনিট-২ এর প্রায় ১৪ বিঘা জমি গুলশান স্পিনিং মিলস কর্তৃপক্ষ নিজেদের মালিকানা দাবি করে প্রায় ২ বছর পূর্বে দখল করে নেয়। এ নিয়ে ২ প্রতিষ্ঠানের মধ্যে মামলাসহ বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টির সমস্যা সমাধান না হওয়ায় সর্বশেষ গতকাল সকালে আরিফ স্পিনিং মিলের কর্তৃপক্ষ বিরোধপূর্ণ জমির পাশে থাকা তাদের অন্য জমিতে কাজ করার জন্য নির্মাণ সামগ্রীসহ শ্রমিক পাঠায়। এ সময় নির্মাণ শ্রমিকদের ওপর গুলশান স্পিনিং মিলের ‘ভাড়াটে সন্ত্রাসী’, নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা হামলা করলে এ ঘটনা ঘটে।
এন আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা প্রধান বাবুল বলেন, বিরোধপূর্ণ জমির পাশে থাকা অন্য জমি দখল হওয়ার আশঙ্কায় গতকাল সকালে ওই জমিতে নির্মাণ শ্রমিকরা সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে গুলশান স্পিনিং মিলের ভাড়াটে ও অস্ত্রধারী বাহিনী আগ্নেয়াস্ত্রসহ এই হামলা করে। এর ফলে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। গুলশান স্পিনিং মিলের ম্যানেজার এডমিন এস এম ফারুক হোসেন বলেন, আরিফ স্পিনিং মিলের শ্রমিকরা হামলা করে তাদের কারখানার ভেতরে ঢুকতে চেয়েছিল।
