প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের ইউনাইটেড প্রগ্রেসিভ এলিয়েন্স (ইউপিএ) সরকারকে সমর্থন দিয়েছে দেশটির ভোটাররা। ভারতের আস্থাশীল প্রতিবেশী দেশ হিসাবে উঠে এসেছে বাংলাদেশের নাম। পাকিস্তান সবচেয়ে কম আস্থাশীল প্রতিবেশী দেশ বলে বিবেচিত হয়েছে। ভারতের নির্বাচন সামনে রেখে সমপ্রতি সেন্টার ফর দি স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজ পরিচালিত সিএনএন-আইবিএন-দ্য হিন্দু নির্বাচন পর্যবেক্ষণ জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৩৭ শতাংশ ভোটার মনে করে, কংগ্রেস নেতৃত্বাধীন বর্তমান ইউপিএ জোট সরকারের সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতি হয়েছে। তবে এ বিষয়ে দ্বিমত পোষণকারী ভোটারের হার ১৯ শতাংশ।
কলেজ পর্যন্ত লেখাপড়া করেছেন এমন ভোটারদের ৪৯ শতাংশই মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কূটনৈতিক তত্পরতায় সন্তোষ প্রকাশ করেছেন। ২৮ শতাংশের মতে, বর্তমান সরকারের মেয়াদে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের খুব একটা অগ্রগতি হয়নি।
কোন্ দেশের প্রতি ভারত সবচেয়ে বেশি আস্থা রাখতে পারে-এমন প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ ভোটারই বাংলাদেশের নাম উল্লেখ করেছেন। যেখানে ৪৬ শতাংশ বলেছে রাশিয়ার নাম। বাংলাদেশের বিষয়ে জরিপে ভারতীয়দের মতামতের ব্যাখ্যা দিতে গিয়ে এক সময় ঢাকায় দায়িত্ব পালন করা ভারতীয় রাষ্ট্রদূত দেব মুখার্জি দ্য হিন্দুকে বলেন, গত পাঁচ বছরে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ আমাদের উদ্বেগের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক সাড়া দিয়েছে। যদিও তার আগে সমস্যা সৃষ্টিকারীদের উস্কানিদানের মতো ঘটনা ঘটেছিলো। মূলত এই পাঁচ বছরের পরিস্থিতিরই প্রতিফলন ঘটেছে এই জরিপে।
দেব মুখার্জি বলেন, এক্ষেত্রে কিছু অপরাধবোধও কাজ করেছে। বাংলাদেশ ভারতের জন্য যেসব উদ্যোগ নিয়েছে, তার বিপরীতে তিস্তার পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তি নিয়ে প্রতিশ্রুতি ভারত এখনো পূরণ করতে পারেনি। এছাড়া দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়ন ও অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ গত কয়েক বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের ভাবমূর্তির যে উন্নতি হয়েছে, ভারতীয় ভোটারদের জরিপের ফলাফলে তারও স্বীকৃতি হতে পারে। জরিপের ৫৪ শতাংশ উত্তরদাতার বক্তব্য হলো, পাকিস্তানকে ভারতের বিশ্বাস করা উচিত হবে না। তবে ১৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, ভারতের জন্য পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ এবং একটি পর্যায়ে দেশটির ওপর আস্থাও রাখা যায়। জরিপে চীনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ৩৩ শতাংশ মনে করে চীনকে বিশ্বাস করা দরকার, ৩১ শতাংশ মনে করে চীনকে মোটেও বিশ্বাস করা যায় না।
এদিকে অস্ট্রেলিয়া-ইন্ডিয়া ইনস্টিটিউট এবং লো ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিসি পরিচালিত আরেক জরিপে দেখা গেছে, ৯৪ শতাংশ ভারতীয় পাকিস্তানকে হুমকি মনে করে। যার মধ্যে ৭৮ শতাংশ পাকিস্তানকে সবচেয়ে বড় হুমকি মনে করে।
