ফেনীতে ডাকাতের কবল থেকে যাত্রীদেরকে রক্ষা করতে গিয়ে ডাকাতের গুলিতে আবু তাহের (৫৫) নামে এক যাত্রীবাহী বাসচালকের মৃত্যু হয়েছে।
বাসের হেলপার মোঃ হুমায়ুনের সাহসিকতায় যাত্রীরা ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছে। চট্টগ্রামের একদল ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস ভাড়া করে ঢাকা বাবুবাজার যাচ্ছিল। রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে যানজট এড়াতে বাসটি ফেনীর লালপোল এলাকা থেকে শহরের রাস্তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিছদূর যাওয়ার পর শহরের দাউদপুর পুলের পাশে ডাকাতদের কবলে পড়ে। শুক্রবার বাসের সুপারভাইজার মোঃ শাহ আলম বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান- এ ব্যাপারে দুর্বৃত্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বড়াইগ্রামে ট্রাকচালক নিহত
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাছুটিয়া খেজুরতলায় শুক্রবার সকালে মিনি ট্রাক ও ট্রাকের সংঘর্ষে হাবিল সরদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার এসআই সরওয়ার আলম জানান, বৃহস্পতিবার পাবনা-নাটোর মহাসড়কের খেজুরতলায় বনপাড়া থেকে নাটোরগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-১২৯৮) স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাককে (যশোর ট ১১-৩০২০) পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে চালক গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনাতলা গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে হাবিল সরদার ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাক দু’টি আটক করেছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।
