আজ বুধবার অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং তত্কালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মোহাম্মদ হানিফের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শোক বাণী দিয়েছেন। তার একমাত্র পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
এ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজনসহ দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান কার্যক্রম ইত্যাদি।
এছাড়াও বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজন করেছে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
