ভোলার বোরহানউদ্দিনে বৃহস্পতিবার বিকালে পক্ষিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় সচিবকে পিটিয়ে গুরুতর আহত করলেন ইউপি সদস্য মামুন।
এ সময়ে পক্ষিয়া এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে উপস্থিত হন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ওই সময় নির্বাহী কর্মকর্তা ও ওসি ফেব্রুয়ারি-মার্চ মাসের জেলেদের ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ থাকায় মামুন মেম্বারের জিম্মায় থাকা মোট ৪৩ মে. টন চাল দেখতে চান।
চাল মাপার পর ৭ টন কম পাওয়া যায় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান। কিন্তু চাল মাপার সময় চাল আত্মসাতের বিষয় ধরা পড়ার ভয়ে ঘটনাস্থল থেকে ইউপি মেম্বার মামুন কৌশলে পালিয়ে যায়। তবে মামুনের সহযোগী শাহীনকে আটক করে থানা পুলিশ। অভিযুক্ত মামুনের বিরুদ্ধে রাতে পক্ষিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ূন কবির বাদী হয়ে দুর্নীতি দমন আইনে মামলা করেছেন বলে বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করেন।
ইউপি সচিব আ:গনি জানান, ইউপি সদস্য মামুন ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের চেষ্টা করে। কিন্তু তিনি বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসানের জন্য নানাভাবে অপচেষ্টা করে। এমনকি মামুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন নভেম্বর-ডিসেম্বর মাসের ভিজিডি চাল উত্তোলন করে তা বিতরণ না করে আত্মসাত্ করে।
