আবারও অশান্ত হয়ে উঠছে বাংলাদেশের শিক্ষাঙ্গন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে উঠলেও নতুন করে সমস্যার সৃষ্টি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ আরো বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। ইতোমধ্যে অস্থিতিশীলতার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। প্রশাসনের দুর্নীতি, অনিয়ম, ছাত্রসংগঠনগুলোর মধ্যে সহিংসতা ও সরকারের পক্ষপাতমূলক নীতির কারণে এই অস্থিরতার সৃষ্টি হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের ফলাফল স্বরূপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকছে প্রতিষ্ঠানগুলো। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর ধরে এমন অচল অবস্থা কোনোভাবেই কাম্য নয়। এতে করে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট চরম আকার ধারণ করছে, বিপাকে পড়ছে হাজার হাজার শিক্ষার্থী—দীর্ঘায়িত হচ্ছে তাদের শিক্ষাজীবন। তাই শিক্ষাঙ্গনের অচল অবস্থা নিরসন করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য সরকার ও প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
মোফাজ্জল হোসেন মায়া,
কৃষি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
