আবারও ইতালিতে ফিরলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন। সাবেক ইন্টার মিলান খেলোয়াড়কে এই মৌসুম থেকে দুই বছরের জন্য দেখা যাবে সিরিএ’র দল এএস রোমাতে। ক্লাবটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে গত শুক্রবার এক বিবৃতিতে মাইকনের দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করে। দলটির সাথে মাইকন সমঝোতায় পৌঁছেছেন বলে বিবৃতিতে জানানো হয়। মাইকন ডগলাস সিসেন্যান্দোর সাথে তাদের চুক্তি ২০১৫ সালের জুন মাস পর্যন্ত। এরই মধ্যে নতুন সতীর্থদের সাথে অনুশীলন শুরু করেছেন মাইকন। গত ১১ মাসে কনুইয়ের ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটিতে মাত্র ১১টি ম্যাচ খেলেন ব্রাজিলের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ খেলা মাইকন। ৩২ বছর বয়সী মাইকন ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির চুক্তি শেষ হবার আগেই সিরিএ’তে আসছেন। এই জুলাইয়েই সিটির সাথে চুক্তি বাতিল করেন তিনি।
