উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষায় বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকলের দায়ে শুক্রবার পুলিশ কনস্টেবলসহ ৯ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর নকলে সহযোগিতা করার অপরাধে কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক ও কম্পিউটার প্রদর্শককে পরীক্ষার সকল কার্যকলাপ থেকে অব্যাহতি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ওই পরীক্ষা কেন্দ্রে চলতি বছর এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা চলাকালে শুরু থেকেই একশ্রেণীর প্রভাষকের সহযোগিতায় নকলের মহোত্সব চলে। শুক্রবার সকালে এইচএসসি ১ম সেমিস্টারের ৫ম দিনে ইসলামী ইতিহাস ও ইতিহাস পরীক্ষা এবং ডিগ্রি ৫ম সেমিস্টারের ২য় দিনের দর্শন পরীক্ষা চলছিল। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করতে এসে অসদুপায় অবলম্বনের দায়ে ডিগ্রি পরীক্ষার্থী পুলিশ কনস্টেবলসহ ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
