সীতাকুণ্ডে ৬শ বস্তা ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ আটক

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২২:২৪
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে দুধ তৈরির একটি কারখানায় ৬শ বস্তা ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধ জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানার ব্যবস্থাপক রেজাউল করিম ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল মজিদকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ভেজাল দুধ জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সীতাকুণ্ড থানা সার্কেল সহকারী পুলিশ সুপার সৈয়দ ইকবাল আলী বলেন, গত বৃহস্পতিবার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামের সান ডেইরি অ্যান্ড এগ্রো প্রোডাক্টস লি. নামে একটি গুঁড়ো দুধ কারখানায় অভিযান চালানো হয়। কারখানায় গোডাউনের ভেতরে একটি অংশে প্রতি বস্তা ২৫ কেজি ওজনের ৬শ বস্তা মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল গুঁড়ো দুধ পাওয়া যায়।