শ্রমিক বান্ধব শ্রম আইন প্রণয়ন এবং ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটি এই দাবি জানায়।
টিইউসি, ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন টিইউসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. ওজেদুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা লুত্ফর রহমান, আব্দুল মালেক, সাহিদা পারভিন শিক্ষা, আসলাম খান প্রমুখ। ঈদের আগে বেতন বোনাস পরিশোধের আহবান জানিয়ে শ্রমিক নেতারা বলেন প্রতি বছরেই ঈদের সময় মালিকরা শ্রমিকদের বেতন বোনাস নিয়ে গড়িমসি করেন। এমনকি অনেক প্রতিষ্ঠানে বেতনই দেয়া হয় না। এতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের সৃষ্টি হয়, যার জন্য মালিকরাই দায়ী। এবছর এমন অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি চান না শ্রমিকরা। বক্তারা সংশোধিত শ্রম আইনে শ্রমিক কর্মচারির প্রত্যাশার প্রতিফলন ঘটেনি অভিযোগ করে আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক শ্রমিক বান্ধব শ্রম আইন প্রণয়নেরও দাবি জানান।
