ঈদের পর বিরোধী দলের আন্দোলনের হুমকির জবাব দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনের হুমকি-ধমকিতে ভয় পায় না। আন্দোলন নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র জাতি মেনে নেবে না।
গতকাল শনিবার মোহাম্মদ নাসিম কাজীপুর উপজেলা পরিষদ হলরুমে ওলামা-মাশায়েক, শিক্ষক, ছাত্র জনতাসহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ইফতার পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
জ্বালাও পোড়াও, পুলিশ ও মানুষের জানমালের ক্ষতিসাধনের পথ পরিহার করে বিরোধী দলের প্রতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
