হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরের টিটু মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাওঃ আব্দুল কাদের নিজামীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জাগপা সভাপতি আমির হোসেন মন্ডল, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক মাওঃ আসাফ উদ দৌলা মোকাররম, যুগ্মআহ্বায়ক কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ইঞ্জিঃ শামসুল হক, মাওঃ আব্দুর কুদ্দুস, মুফতি তারেহ প্রমুখ।
বক্তারা বলেন, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়। আমরা ক্ষমতায় যেতে চাই না। ক্ষমতার অংশীদারও হতে চাই না। কিন্তু সরকার এবং বামপন্থীরা হেফাজতে ইসলামকে তাদের প্রতিপক্ষ বানিয়ে অপপ্রচার শুরু করেছে। বর্তমান সরকার মুখে ইসলামের কথা বললেও তারা নাস্তিকদের কথামত চলছে। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফির বক্তব্য নিয়ে সমালোচনাকে সরকার ও মিডিয়ার অপপ্রচার বলে আখ্যায়িত করে বক্তারা বলেন, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে আমরা সেই অধিকার নিশ্চিত করতে চাই। হেফাজতে ইসলামের ৩ দফায় সে দাবিই তুলে ধরা হয়েছে। ঈদুল ফিতরের পর সারাদেশের আলেম ও ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে হেফাজত মাঠে নামবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়।
